বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রশিদের জানাজা ও দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, বরগুনা:
বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবং জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবদুর রশিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবা ও মুক্তিযুদ্ধের চেতনায় নানা কল্যাণমূলক কাজে যুক্ত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর তিনি বরগুনা সদরে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর জীবনাবসান ঘটে।
আজ শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় তাঁর নিজ গ্রাম হেউলিবুনিয়ায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে মরহুমের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
তাঁর মৃত্যুতে বরগুনা জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: