• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ছাত্রলীগ নেতা ছেলেকে থানায় দেখতে গিয়ে বাবা গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪৩ পিএম;
ছাত্রলীগ নেতা ছেলেকে থানায় দেখতে গিয়ে বাবা গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আটক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে (২১) থানায় দেখতে গেলে তার বাবা আব্দুল মান্নানকে (৫৮) আটক করেছে পুলিশ। পরে শুক্রবার বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বাবা-ছেলেকে কারাগারে পাঠানো হয়।

শুক্রবার সকালে সোনাইমুড়ী বাজার থেকে সাব্বির আহমদকে আটক করে সোনাইমুড়ী থানা পুলিশ। স্থানীয়ভাবে জানা গেছে, তিনি চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবা আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয়রা জানান, ছেলে সাব্বিরকে আটকের খবর পেয়ে তাকে দেখতে সোনাইমুড়ী থানায় যান তার বাবা আব্দুল মান্নান।

সেখানে পুলিশ তাকেও আটক করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, সাব্বিরকে শুধু ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে এবং বাবা-ছেলের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না।

সোনাইমুড়ীর বাসিন্দা ও আটক সাব্বিরের স্বজনরা জানান, সাব্বিরকে দেখতে থানায় যাওয়ার পর তার বাবাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। আব্দুল মান্নানের বিরুদ্ধে কোনো মামলায় আসামি হওয়ার তথ্য না থাকলেও তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন জানান, আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি থানার সামনে ঘোরাঘুরি করলে তাকে আইনের আওতায় আনতে হয়। বাবা-ছেলেকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন