• ঢাকা
  • বুধবার, ০৪ ফেরুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ব্যবহৃত মোবাইল বিক্রি বা হস্তান্তর করতে চাইলে আগে যা করতেই হবে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:১০ এএম
ব্যবহৃত মোবাইল বিক্রি বা হস্তান্তর করতে চাইলে আগে যা করতেই হবে

ব্যবহৃত মোবাইল ফোন অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া, সিমকার্ড পরিবর্তন কিংবা বিক্রির ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, এসব ক্ষেত্রে মোবাইল ফোন অবশ্যই ডি-রেজিস্ট্রেশন করতে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জানুয়ারি ২০২৬ থেকে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু হয়েছে। এর আওতায় নেটওয়ার্কে সচল সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে।

বিটিআরসি জানায়, এখন থেকে নিজের নামে নিবন্ধিত কোনো মোবাইল ফোনের সিমকার্ড পরিবর্তন করতে হলে, অন্য কাউকে ব্যবহার করতে দিতে হলে অথবা ফোনটি বিক্রির আগে অবশ্যই সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি ডি-রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে যুক্ত মোবাইল ফোনের নিবন্ধন বাতিল বা অবমুক্ত করতে হবে।

ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে সিম কেনার সময় ব্যবহৃত এনআইডি অথবা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে বলে জানিয়েছে কমিশন।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বিটিআরসির ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বিটিআরসির কল সেন্টার (১০০) অথবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেও সহায়তা নেওয়া যাবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন