• ঢাকা
  • শনিবার, ০৭ ফেরুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতেই সাংবাদিকদের ওপর পুলিশের অতর্কিত হামলা: এমআরএ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫৭ পিএম
ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতেই সাংবাদিকদের ওপর পুলিশের অতর্কিত হামলা: এমআরএ

রাজধানীর বাংলামোটর এলাকায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতেই সাংবাদিকদের ওপর পুলিশ অতর্কিত লাঠিচার্জ ও হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগ তুলে এই ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।

এমআরএ-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৫টার দিকে বাংলামোটর মোড়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর বিনা উসকানিতে পুলিশ হামলা চালায়। এ ঘটনার ভিডিও ধারণ করায় স্থানীয় এক ব্যক্তির মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করা হয় এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

পুলিশের এই ‘অনাকাঙ্ক্ষিত’ কর্মকাণ্ডের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ব্যক্তিগত মোবাইল ফোন তল্লাশি ও ভিডিও ডিলিট করার আইনগত এখতিয়ার নিয়ে প্রশ্ন করায় পুলিশ সাংবাদিকদের ওপর অতর্কিত লাঠিচার্জ শুরু করে। এতে আরটিএনএনের চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার আবু বক্কার সিদ্দিকসহ ১৫ থেকে ২০ জন সাংবাদিক আহত হন।’

‘অভিযোগ রয়েছে, পুলিশ সদস্য জাহিদের নেতৃত্বেই এই হামলা চালানো হয়। এটি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সরাসরি বাধা সৃষ্টি করেছে এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল।’

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ) মনে করে, ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য।

সংগঠনটির সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বলেন, পুলিশের এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হিসেবেও দেখা যেতে পারে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন