• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ফেরুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. আইন ও আদালত

রাজশাহীতে এসপিদের চিঠি রেঞ্জ ডিআইজির কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী জামিন পেলেই গ্রেফতা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪৮ পিএম;
রাজশাহীতে এসপিদের চিঠি রেঞ্জ ডিআইজির  কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী জামিন পেলেই গ্রেফতা

কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত কিংবা ফ্যাসিস্ট সংগঠনের কোনো নেতাকর্মী জামিন পেলেই তাকে পুনরায় অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান। 

মঙ্গলবার তিনি এমন নির্দেশনা দিয়ে রেঞ্জের অধীনের আট জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপারদের (এসপি) এই নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে- কার্যক্রম নিষিদ্ধ/স্থগিত ফ্যাসিস্ট সংগঠন/সংগঠনসমূহের যে নেতা এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠপর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখাতে (শ্যোন অ্যারেস্ট) হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন আপাতত নেই।

চিঠিতে আরও বলা হয়েছে, ইতোপূর্বে এ বিষয়ে গ্রুপ মেসেজের মাধ্যমে পুলিশ সুপারদের অবহিত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণীয় হিসেবে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

রাজশাহী রেঞ্জের আওতায় থাকা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটের এসপিরা এমন চিঠি পেয়েছেন।

এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনাও দেখা দিয়েছে।

জানতে চাইলে ডিআইজি মোহাম্মদ শাহজাহান গণমাধ্যমকে বলেন, ইদানীং আমাদের কাছে মেসেজ আসছে যে, সরকার যেসব সংগঠনকে নিষিদ্ধ করেছে তারা আবার তৎপর হচ্ছে। তারা বিভিন্ন ধরনের অকারেন্স ঘটাতে পারে এবং এরই মধ্যে তারা পুরোনো সহকর্মীকে একত্রিত করতে পারে। এখন ক্রিমিনালগুলো যদি একত্রিত হয়, আপনিই তো দুই দিন পরে লিখবেন যে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এজন্য আমরা আগাম সতর্ক করলাম। যারা দোষী নয়, তাদের ছেড়ে দেবে। যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

তিনি বলেন, পুলিশ এখন মানবাধিকার-আইনের শাসনের মধ্যে আছে। এ অবস্থায় যেসব জঙ্গি সংগঠন আছে, বামপন্থি জঙ্গি সংগঠন আছে, ফ্যাসিস্ট সংগঠন আছে, সরকার যেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে, তারা এ সুযোগটা কেউ কেউ গ্রহণ করতে পারে। এ জন্যই আমরা সতর্ক।

এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের কোনো নির্দেশনা আছে কিনা? জানতে চাইলে ডিআইজি বলেন, হেডকোয়ার্টার থেকে আমাদের কাছে কোনো নির্দেশনা ছিল না। এটা আমাদের নিয়মিত নির্দেশনা। এখন আমাদের কাছে চ্যালেঞ্জ কী আছে? নির্বাচনের মধ্যে আমাদের কাছে অনেক চ্যালেঞ্জ ছিল। সেগুলো আমরা ওভারকাম করেছি। আমরা দেখেছি যে আমাদের সামনে কী চ্যালেঞ্জ আসতে পারে। সেভাবেই আমার অফিসারদের আমি নির্দেশনা দিয়েছি।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন