ফরিদপুরে আন্ত:জেলা ইজিবাইক চোরাকারবারী চক্রের রহস্য উদঘাটন, ১২চোর আটক
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরে আন্ত:জেলা ইজিবাইক চোরাকারবারী চক্রের রহস্য উদঘাটন, ১২চোরকে আটক করেছে পুলিশ।
ফরিদপুরে সংঘটিত আন্তঃজেলা ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ চক্রের ১২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইন শৃংখলা রক্ষা বাহিনী।
বুধবার (১৫ ফেব্রুয়ারী ২০২৬) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম।
তিনি বলেন, ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকার একটি ইজিবাইক পার্কিং থেকে সম্প্রতি ইজিবাইক চুরির ঘটনা ঘটে। ঐ চুরির ঘটনায় ভুক্তভোগী চালক মামলা দায়ের করেন। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে পর্যায়ক্রমে আরও আসামিদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ইজিবাইক চুরি করে আসছিল। চুরি করা ইজিবাইক শনাক্ত এড়াতে সেগুলো ভেঙে যন্ত্রাংশ আলাদা করা, রং পরিবর্তন, ইঞ্জিন ও চেসিস নম্বর বিকৃত করা এবং অবৈধ গ্যারেজে পুনরায় সংযোজন করে বিক্রি করা হতো।
পুলিশের অভিযানে ফরিদপুরের বোয়ালমারী, মধুখালী ও কোতয়ালী থানা এলাকাসহ শরীয়তপুর ও মাগুরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৮টি চোরাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়। এর মধ্যে ১৩টি সচল এবং ৫টি অচল ইজিবাইক রয়েছে। এছাড়া বিপুল পরিমাণ যন্ত্রাংশ ও কাটার মেশিন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইজিবাইকগুলোর মধ্যে একটি কোতয়ালী থানায় দায়ের করা মামলার চুরি হওয়া ইজিবাইক হিসেবে বাদী শনাক্ত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, মোজাম্মেল মণ্ডল, ইলিয়াস হোসেন, আবুল হোসেন মোল্লা, তানভীর শেখ, আওয়াল বিশ্বাস, বদিউজ্জামান মোল্লা, মৃদুল, মিলন খান, মোঃ আশরাফ, শহীদ শিকদার, জুয়েল রানা ও রনি মিয়া।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর।
দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান
- বিষয়:
- ফরিদপুরে* আন্ত:জেলা,ইজিবাইক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: