প্রকাশ্যে ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে খালিদুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণার দাবি
ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টাকালে দায়িত্বরত নিরাপত্তা সদস্যদের সঙ্গে ঢাকা-১৭ আসনের জামায়াতের প্রার্থী স ম খালিদুজ্জামানের আচরণের প্রতিবাদ জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে এমন আচরণ ও মন্তব্যের জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে এই প্রার্থীকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ খান সাইফের (অব.) প্রেরিত এক বার্তায় বলা হয়, এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে একটি রাজনৈতিক দলের ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রার্থী খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেছেন। উক্ত প্রার্থী ক্যান্টনমেন্টে প্রবেশকালে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যদের দ্বারা অস্ত্রসহ প্রবেশে বাধাপ্রাপ্ত হলে তিনি অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সেনা সদস্যদের উদ্দেশে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন।
এ ধরনের বক্তব্য ও আচরণ সামরিক বাহিনীর মনোবল, মর্যাদা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত। এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
এতে বলা হয়, এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে বলতে চায়, রাজনৈতিক পরিচয় কখনোই কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে অবস্থান দেওয়ার লাইসেন্স দেয় না। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের জায়গা নয়; এটি একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা।
এতে আরো বলা হয়, উক্ত প্রার্থী যদি প্রকাশ্যে তার আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা না চান এবং ভবিষ্যতে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ ও অবমাননাকর আচরণ বন্ধের সুস্পষ্ট অঙ্গীকার না করেন, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে ক্যান্টনমেন্টে ‘পিএনজি (পারসোনা নন গ্রাটা)’ ঘোষণা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। রাষ্ট্রের আইন, সামরিক বাহিনীর মর্যাদা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন কোনো আপস করবে না।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- প্রকাশ্যে* ক্ষমানা,চাইলে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: