• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

আমার বাবাকে যেমন জিতিয়েছেন, আমাকেও জেতাবেন: রুমিন ফারহানা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩৮ পিএম
আমার বাবাকে যেমন জিতিয়েছেন, আমাকেও জেতাবেন: রুমিন ফারহানা

সংসদ সদস্যদের (এমপি) দুর্নীতি ও বরাদ্দ আত্মসাতের কঠোর সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, এমপি সাহেবরা সরকারি বরাদ্দের ৫০% নিজেরা রাখে, তাদের সহযোগীরা ২৫% নেয়, ঠিকাদাররা ২০% পকেটে নেয় এবং মাত্র ৫% টাকা কাজে লাগে।

সোমবার (১২ জানুয়ারি) বিকালে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

রুমিন ফারহানা বলেন, আমাদের কথা মানবে এমন কোনো সরকার নাই। যদি না মানে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। 

পানিশ্বর এলাকার ভৌগোলিক-রাজনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করে তিনি বলেন, পানিশ্বরের জোয়ার সরাইল-আশুগঞ্জে ছড়ায়। পানিশ্বরের জনগণ প্রার্থীকে ভোট দিয়ে জেতালেই এমপি হয়। আমি এখানে সফল হব। আমার বাবাকে যেমন জিতিয়েছেন, আমাকেও জেতাবেন। 

এমপিদের অর্থনৈতিক অসততার বিশদ বিবরণ দিয়ে রুমিন ফারহানা বলেন, এমপি চুরি না করলে সরকারি হোক বা বেসরকারি, কাজে অসুবিধা হয় না। সরকারি ও স্বতন্ত্র এমপির বরাদ্দ সমান। সমস্যা হলো এমপিরা ৫০% রাখে, তাদের সহযোগীরা ২৫% নেয়, ঠিকাদাররা ২০% পকেটে নেয়, কাজ হয় মাত্র ৫% টাকায়। এমপি যদি সৎ হয়, কোনো ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার। 

এলাকার প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, প্রবাসীরা দেশের ও গ্রামের অর্থনীতির চাকা চালায়। তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা এমপিদের দায়িত্ব।

ব্যক্তিগত প্রসঙ্গে রুমিন ফারহানা যোগ করেন- আমার পরিবারের কেউ দেশে নেই, আত্মীয়রা বিদেশে। তাই আমার পিছুটান নেই, কেউ লাইনে দাঁড়াবে না ফল নেওয়ার জন্য। নির্বাচন যে করতেছি বিদেশের আত্মীয়-স্বজনরা উলটো আমাকে সামান্য সহযোগিতা করতেছে। জয়ী হওয়ার পর ফল নেওয়ার জন্য তারা এদেশে আসবে না। সেই ফল কিন্তু আমার এলাকার জনগণ পাবে। 

রুমিন ফারহানা বলেন, ইনশাআল্লাহ আগামী ২২ তারিখ প্রতীক জেনে যাবেন। হাঁস মার্কাই আমার লক্ষ্য। আমার চেষ্টা থাকবে হাঁস মার্কাতেই নির্বাচন করব।

প্রসঙ্গত, রুমিন ফারহানা বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। তার বিরুদ্ধে একই আসনে বিএনপি জোটের প্রার্থী হচ্ছেন জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন