বাংলাদেশকে ক্ষতিপূরণসহ তিন শর্ত মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনাগ্রহ প্রকাশ করার পর আইসিসির সিদ্ধান্তে প্রতিযোগিতার বাহিরে চলে যায় বাংলাদেশ। ম্যাচের ভেন্যু পরিবর্তনের জন্য আগেই আইসিসির কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে সময় প্রকাশ্যে তাদের সমর্থনে ছিল পাকিস্তান।
বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর ফলেই আইসিসির সঙ্গে পিসিবির সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি হয়।
তবে সাম্প্রতিক আলোচনায় সেই জট কাটার ইঙ্গিত পাওয়া গেছে। এই প্রেক্ষাপটেই সমাধানের পথ খুঁজতে আইসিসির কাছে গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে চলমান অচলাবস্থা কাটাতে তিনটি বড় দাবি উত্থাপন করেছে পিসিবি। এনডিটিভি সূত্রের বরাতে জানা গেছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ার পর আইসিসির সতর্কবার্তার মুখে রবিবার লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে পিসিবি।
বৈঠকে পিসিবির পক্ষ থেকে যে তিনটি দাবি তোলা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্যভাবে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও রয়েছে।
পিসিবির দাবি অনুযায়ী, বাংলাদেশের ক্রিকেট বিশ্ব ক্রিকেটে উত্তরোত্তর অবদান রাখছে। সে কারণে আইসিসি থেকে দেশটির আর্থিক বরাদ্দ বা ক্ষতিপূরণ বাড়ানো উচিত। উন্নত অবকাঠামো গড়ে তোলা, প্রতিভাবান ক্রিকেটারদের উন্নয়ন এবং জাতীয় দলের প্রতিযোগিতামূলক মান বাড়াতে অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন বলে বৈঠকে যুক্তি তুলে ধরা হয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে একটি নির্দিষ্ট অংশগ্রহণ ফি দেওয়ার পক্ষে মত দিয়েছে পিসিবি। তাদের যুক্তি, যে কোনো দল বিশ্বকাপে অংশ নিতে বড় অঙ্কের অর্থ ব্যয় করে প্রস্তুতি নেয়। তাই ন্যূনতম আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা উচিত।
তৃতীয় দাবিতে বাংলাদেশের জন্য ভবিষ্যতের কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। পিসিবির মতে, বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের ভেন্যু, অবকাঠামো ও প্রচুর দর্শক সমর্থন গড়ে তুলেছে।
একটি বড় আইসিসি ইভেন্ট আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট অর্থনীতি যেমন চাঙা হবে, তেমনি বৈশ্বিক পরিসরেও বাংলাদেশের উপস্থিতি আরও দৃঢ় হবে।
এদিকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে পিসিবিকে সম্ভাব্য শাস্তির বিষয়ে আগেই সতর্ক করেছে আইসিসি। চলমান আলোচনার মাধ্যমে এই অচলাবস্থা কাটানোর চেষ্টা চালাতে উভয় পক্ষই জোর চেষ্টা চালাচ্ছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: