যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান
একটি রাজনৈতিক দলের নেতা দুই দিন আগে কর্মসংস্থানে নিয়োজিত নারীদের উদ্দেশে এমন কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, যা বলতেও লজ্জা হচ্ছে। যারা নারীদের অসম্মান করে, যাদের কাছে মানুষের মূল্যয়ন নেই, আত্মসম্মান নেই—তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না।
আজ সোমবার (২ জানুয়ারি) দুপুরে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে প্রভাতী স্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
একটি রাজনৈতিক দলের নারীবিদ্বেষী বক্তব্যের তীব্র সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর লক্ষ্য-উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে।
কিন্তু আমরা দেখছি, একটি রাজনৈতিক বাংলাদেশের নারী গোষ্ঠীকে কীভাবে ঘরে আটকে রাখতে চায়। দলটির নেতা পরিষ্কার বলে দিয়েছেন, তারা কোনোভাবেই নারী নেতৃ্ত্বে বিশ্বাস করেন না। তিনি বলেন, দুই দিন আগে ওই দলের এক নেতা কর্মসংস্থানে নিয়োজিত মা-বোনদের উদ্দেশে এমন কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, যা বলতেও লজ্জা হচ্ছে। এমন একটি শব্দ তিনি আমাদের মা-বোনদের জন্য ব্যবহার করেছেন, যা এদেশের জন্য কলঙ্কজনক।
তারেক রহমান বলেন, এই দেশের অধিকাংশ খেটে খাওয়া পরিবারের নারী কোনো না কোনোভাবে সংসারের উপার্জনের জন্য কাজ করে থাকেন। পোশাকশিল্পে ৪০ লক্ষ নারী শ্রমিক কাজ করেন। নিম্নবিত্ত হোক, মধ্যবিত্ত হোক, সব পরিবারের নারী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালাতে স্বামীর পাশাপাশি কাজ করে জীবন নির্বাহ করে থাকেন। কিন্ত আজ আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা কীভাবে নারীদের অসম্মান করেছেন।
বিএনপি চেয়ারম্যান আরো বলেন, যারা ইসলাম কায়েমের কথা বলেন, তারা ভুলে যাচ্ছেনÑ নবী করিম (সা.)-এর সহধর্মিনী হযরত বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল নারী ব্যবসায়ী। তিনি বলেন, দলটি নির্বাচনের আগে অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দি করতে চায়। তাঁরা যদি নির্বাচনে সুযোগ পান, তাহলে তাঁদের আচরণ কী হতে পারে, তার উদাহরণ আমরা ১৯৭১ সালে পেয়েছিলাম।
দলটির উদ্দেশে তারেক রহমান আরো বলেন, তাঁরা শুধু নিজেদের স্বার্থের কথাই বোঝেন। যেখানে যেমন প্রয়োজন, সেখানে তেমন ধর্মকে ব্যবহার করে।
তিনি অভিযোগ করেন, ব্যাপক সমালোচনার মুখে পড়ে রাজনৈতিক দলটি আইডি হ্যাকড হওয়ার অজুহাত দিয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে জানিয়েছেন, এভাবে আইডি হ্যাকড হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যাচার করে তাঁরা নিজেদের আসল চরিত্র প্রকাশ করছেন। তিনি বলেন, যারা নারীদের অসম্মান করে, যারা মিথ্যার আশ্রয় নেয় এবং যারা জনগণের ভোটাধিকার হরণ করেছে, তারা কখনও দেশপ্রেমিক বা জনদরদি হতে পারে না। এর বিরুদ্ধে কী করবেন, দেশের তাবদ মা-বোনদের তা ভাবতে হবে।
জনসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা। মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের প্রার্থী আলী আসগর লবী, খুলনা-১ আসনের প্রার্থী আমীর এজাজ খান, খুলনা-৬ আসনের প্রার্থী এস এম মনিরুর হাসান বাপ্পী, সাতক্ষীরা১ আসনের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা- ২ আসনের প্রার্থী মো. আব্দুল রউফ, সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা -৪ আসনের প্রার্থী মো. মনিরুজ্জামান, বাগেরহাট ১ আসনের ধানের শীষের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল, বাগেরহাট-২ আসনের প্রার্থী ব্যারিস্টার জাকির হোসেন, বাগেরহাট-৩ আসনের প্রার্থী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট ৪ আসনের প্রার্থী সোমনাথ দে প্রমুখ।
এর আগে আজ সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। খুলনায় এটি তারেক রহমানের চতুর্থ সফর। সবশেষ ২০০৪ সালে খুলনা এসেছিলেন তিনি।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- তারেক রহমান
- রাজনৈতিক দল
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: