পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সম্প্রসারিত নতুন ভবনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আলতাফ হোসেন, গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মঞ্জু মোল্লা, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মো. মহিমুল্লাহ এনিম, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম ও মো. ছোবাহান মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা গতিশীল করতে সরকার বিভিন্ন উপায়ে সহজ শর্তে ঋণ ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ প্রদান করছে। দেশের কৃষি উৎপাদন সমৃদ্ধ করতে এবং অর্থনীতিকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করতে তরুণদের শুধু গতানুগতিক চাকরির পেছনে না ছুটে মৎস্য চাষ, গবাদিপশু পালন ও কৃষি উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: