প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কার পেলেন লিওনেল মেসি
লিওনেল মেসির অর্জনের মুকুটে যোগ হলো আরও একটি পালক। বর্ণাঢ্য ক্যারিয়ার এবং ফুটবলে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা।
বিষয়টি নিশ্চিত করেছে প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। স্পেনভিত্তিক ফাউন্ডেশনটি প্রতি বছর খেলাধুলায় অসাধারণ অবদান রাখা ব্যক্তিত্ব বা প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড প্রদান করে।
১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন মেসি। মাত্র ১৩ বছর বয়সে তিনি এফসি বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে যোগ দেন এবং ২০০৪ সালে ক্লাবের মূল দলে অভিষেক হয় তার। বার্সেলোনায় ১৫ বছরেরও বেশি সময় কাটানোর পর তিনি প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) খেলেন এবং পরে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন।
ক্যারিয়ারে মেসি মোট ৪৯টি শিরোপা জিতেছেন। এর মধ্যে ২০০৫ থেকে ২০২১ সালের মধ্যে বার্সেলোনার হয়ে জিতেছেন ৩৫টি ট্রফি। এসবের মধ্যে রয়েছে চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ১০টি লা লিগা শিরোপা।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিনি ২০২২ ফিফা বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকা জিতেছেন।
ব্যক্তিগত অর্জনের দিক থেকেও মেসির সাফল্য ঈর্ষণীয়। তিনি জিতেছেন রেকর্ড আটটি ব্যালন ডি’অর, তিনটি দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার অ্যাওয়ার্ড এবং ছয়টি ইউরোপিয়ান গোল্ডেন শু।
২০১২ সালে এক পঞ্জিকাবর্ষে ৯১ গোল করে তিনি গড়েন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। এছাড়া ২০২০ ও ২০২৩ সালে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কার জিতে এই সম্মান অর্জনকারী একমাত্র পুরুষ ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন।
ফুটবলের বাইরেও মেসি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়। লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে তিনি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করার উদ্যোগে সহায়তা করেন। এছাড়া ২০১০ সাল থেকে তিনি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: