শ্রীপুরে মদ্যপান পরে অসুস্থ, হাসপাতালে দুই যুবকের মৃত্যু
মোঃ রাশিদুল ইসলাম,মাগুরাঃ
মাগুরার শ্রীপুর উপজেলায় অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে আলমগীর লস্কর (৪০) ও বিধান কুমার বিশ্বাস (২৫) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহত আলমগীর লস্কর উপজেলার সব্দালপুর ইউনিয়নের বাখেরা গ্রামের আজম লস্করের ছেলে। অন্যদিকে বিধান কুমার বিশ্বাস মালদা গ্রামের বিনয় বিশ্বাসের ছেলে।
স্বজনদের দাবি, বিজয়া দশমীর রাতে উপজেলার জারিয়া গ্রামের সার্বজনীন দুর্গা মন্দিরের মেলায় গিয়ে বন্ধুদের সঙ্গে অ্যালকোহলযুক্ত মদ পান করেন তারা। এরপর দুজনই অসুস্থ হয়ে পড়েন।
স্বজনরা জানান, অসুস্থ অবস্থায় আলমগীরকে তার বন্ধুরা বাড়িতে পৌঁছে দেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, বিধানকে অসুস্থ অবস্থায় রাতেই হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
আলমগীরের বাবা আজম লস্কর জানান, পূজার মেলায় ঘুরতে গিয়ে তার ছেলে অসুস্থ হয়ে পড়েন। কয়েকজন ব্যক্তি তাকে বাড়িতে পৌঁছে দিয়ে মদপানের কথা জানান। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় তাকে।
বিধানের কাকিমা সুপ্রিয়া সাহা জানান, বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদ পান করার পর বিধান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন বলেন, দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: