পরিবারের সুখের জন্য চট্টগ্রাম গিয়ে ট্রেন দূর্ঘটনায় প্রান হারালেন বোয়ালমারীর ফরহাদ
প্রতিবন্ধি বাবার পাশে দাড়াতে পরিবারের সুখের জন্য চট্টগ্রাম গিয়ে ট্রেন দূর্ঘটনায় প্রান হারালেন বোয়ালমারীর ফরহাদ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
অসহায় প্রতিবন্ধি বাবার পাশে দাড়িয়ে পরিবারের অভাব ঘোচাতে ও স্বজনদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে ফরিদপুরের বোয়ালমারী থেকে চট্টগ্রামে গিয়েছিলেন মো. ফরহাদ শেখ (৩৫)। ভাগ্যের কি নির্মম পরিহাস! সেখানে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এই ফরহাদ। নিমিষেই নিভে গেল সব স্বপ্ন।
জীবিকার তাগিদে দূর শহরে যাওয়া ফরহাদকে ফিরতে হলো নিথর দেহে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় রেললাইনের আপ ও ডাউন লাইনের মাঝখান থেকে ফরহাদের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ফরহাদের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চুকিনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
ফরহাদ শেখ বোয়ালমারী উপজেলার চুকিনগর গ্রামের শারীরিক প্রতিবন্ধী সোহরাব শেখের ছেলে।
পরিবারের জীবিকার তাগিদে তিনি চট্টগ্রামে শ্রমিকের কাজ করতেন। পরিবারের জন্য তার এই দূর শহরে পাড়ি জমানোই শেষ পর্যন্ত হয়ে উঠল জীবনের শেষ যাত্রা।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সদস্য শহিদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই দিন (২২ অক্টোবর) সকালে আমবাগান এলাকায় রেললাইনের পাশের একটি হোটেলে নাশতা শেষে রেললাইন ধরে হাঁটছিলেন ফরহাদ।
ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা অভিমুখী একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় ফরহাদের একটি হাত ও একটি পা ভেঙে যায়। মাথায়ও গুরুতর আঘাতের চিহ্ন ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে তার সঙ্গে থাকা পরিচয়পত্র ও মুঠোফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।
ফরহাদ শেখের মৃত্যুর খবর পেয়ে স্বজনরা চট্টগ্রামে ছুটে যান। ওই দিন রাতেই মর্গে ফরহাদের মরদেহ শনাক্ত করেন তারা। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরহাদের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তার স্বজন ও প্রতিবেশীরা। যে মানুষটি পরিবারের সচ্ছলতার আশায় দূর শহরে শ্রম বিক্রি করতেন, সেই মানুষটির এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না তারা। পরিবারের সচ্ছলতার স্বপ্ন নিয়ে ঘর ছেড়ে যাওয়া এই যুবকের জীবনের গল্প শেষ হলো মর্মান্তিক দুর্ঘটনার মধ্যে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: