দুপক্ষের সমঝোতা চান প্রতিমন্ত্রী, গ্রেপ্তার সাংবাদিকের জামিন
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ইস্যুতে বগুড়ায় এক সাংবাদিকের করা মামলায় জামিন পেয়েছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম। উদ্ভুত পরিস্থিতিতে গ্রেপ্তার হয়ে তিনি কারাবন্দি ছিলেন।
রোববার দুপুরে তার জামিন আবেদন মঞ্জুর করেন বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট (সদর) আমলি আদালতের বিচারক মেহেদী হাসান। পুলিশ প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়। শুনানির সময় সাংবাদিক ও সম্পাদক রেজানুর ইসলাম কারাগারে ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তানজিম আল মিসবাহ। তিনি বলেন, ভুল বোঝাবুঝির জেরে মামলাটি দায়ের হয়েছিল। উভয়পক্ষই বিষয়টি বুঝতে পেরেছেন এবং খুব শিগগিরই নিজেদের মধ্যে মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হবে।
এরআগে, গত বুধবার প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারসহ মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে কয়েকজন সাংবাদিকের নামে বগুড়া সদর থানায় মামলা হয়। আরজিতে সাইবার সুরক্ষা আইনের পাশাপাশি চাঁদাবাজির অভিযোগও করেন মামলার বাদী সাংবাদিক তানভীর আলম রিমন। তিনি দ্য ডেইলি নিউ নেশন, বাংলা টিভির ব্যুরো প্রধান ও বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ।
মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি মো. শামস এবং জেলা প্রতিনিধি সাব্বির হাসানসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়। গত বৃহস্পতিবার রাতে গাজীপুর থেকে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে বগুড়ার গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
উদ্ভুত পরিস্থিতিতে শুক্রবার রাতেই গণমাধ্যমে বিবৃতি দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। দুঃখ প্রকাশ করে তিনি উল্লেখ করেন, সাংবাদিকদের নামে মামলা ও গ্রেপ্তার বিষয়ে কিছুই জানতেন না। কারও ব্যক্তিগত কর্মকান্ডে সমর্থন, অনুমোদন বা নির্দেশনা নেই। মামলার বাদী-বিবাদী সাংবাদিক, তিনি দুপক্ষের ভুল বুঝাবুঝির অবসান (সমঝোতা) চান। তার নাম ব্যবহার করে বা পক্ষের সমর্থক দাবি করে কারও মামলা বা সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি চান না। বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে সাংবাদিক দুপক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। প্রতিমন্ত্রীর সম্পর্কে প্রচারিত সকল অপতথ্য নিরপেক্ষভাবে যাচাই করে সংবাদ প্রকাশের জন্যও সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: