• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মাগুরার মহম্মদপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫০ পিএম;
মাগুরার মহম্মদপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলায় বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মৌশা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার মৌশা গ্রামের মো. আমিনুর শেখের দুই বছর বয়সী কন্যা রাইসা এবং তাঁর আপন ভাই মো. আলিনুর শেখের সাড়ে তিন বছর বয়সী কন্যা রাফিয়া।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির আঙিনায় খেলছিল রাইসা ও রাফিয়া। একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি পুকুরের কাছে চলে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করলে একপর্যায়ে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিব কাওসার পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডা. সাকিব কাওসার বলেন, “শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়েছে।”

একই পরিবারের দুই ভাইয়ের দুই নিষ্পাপ শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রাও এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। ঘটনাটা ছিল হৃদয় বিদারক।

দৈনিক পুনরুত্থান / এস এম আজগার আলী, মহম্মপুর (মাগুরা) প্রতিনিধি:

এ সম্পর্কিত আরও পড়ুন