আলফাডাঙ্গায় ফুলসজ্জিত গাড়িতে ২ শিক্ষকের রাজকীয় বিদায়
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
অশ্রুসিক্ত নয়নে ফুলসজ্জিত গাড়িতে ২ শিক্ষককে রাজকীয় বিদায় জানালো শিক্ষার্থী, শিক্ষক এবং কর্তৃপক্ষ।
ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজের প্রধান ফটকের সামনে অপেক্ষমাণ বর্ণিল ফুলে সজ্জিত একটি গাড়ি। কলেজের মূল ভবন থেকে গাড়ি পর্যন্ত দুই পাশে ফুল হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন শিক্ষক-শিক্ষিকা আর শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর অশ্রুসিক্ত নয়নে কলেজের মূল ভবন থেকে বেরিয়ে এলেন সদ্য অবসরে যাওয়া তাদের দুই সহকর্মী। তারা গাড়িতে চড়তেই চারপাশ থেকে শুরু হলো ফুলের পাপড়ি বর্ষণ আর করতালি।
বুধবার (১৭ জুন ২০২৬) দুপুরে এমনই এক আবেগঘন ও রাজকীয় দৃশ্যের সাক্ষী হলো আলফাডাঙ্গা আদর্শ কলেজ প্রাঙ্গণ। উক্ত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ. ইউ হায়দার চৌধুরী ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নীল রতন বিশ্বাস দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়ায় কলেজ কর্তৃপক্ষ এমন ব্যতিক্রমী বিদায় সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে দুই শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের কর্মজীবনের নানা স্মৃতি ও অবদানের কথা তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের অধ্যক্ষ এম. এম. মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে সহকর্মীরা তাদের বর্ণাঢ্য কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোজাফফর হোসেন ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম আরিফুজ্জামান। পরে বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
আনুষ্ঠানিকতা শেষে দুই শিক্ষককে ফুল সজ্জিত গাড়িতে তাদের নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এমন সম্মানজনক বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দুই শিক্ষক।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে সহকারী অধ্যাপক এ. ইউ হায়দার চৌধুরী ও নীল রতন বিশ্বাস বলেন, আমাদের যেভাবে সম্মানের সাথে বিদায় দেওয়া হলো, তা আমাদের আমৃত্যু স্মরণ থাকবে। নানা প্রতিকূলতার মধ্যে ভালোবাসার এই প্রতিষ্ঠানকে আমরা আগলে রেখেছি। বিদায় নিলেও এই প্রতিষ্ঠানের সাথে আমাদের আত্মিক টান আজীবন থাকবে। আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি চিরকৃতজ্ঞ।
আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব বলেন, একজন শিক্ষক যখন দীর্ঘ চাকরিজীবন শেষে বাড়ি ফিরে যান তখন তার মনে এক বিশাল শূন্যতা ও কষ্টের সৃষ্টি হয়। সহকর্মীদের সেই বিদায়ের কষ্ট কিছুটা লাঘব করতে এবং তাদের দীর্ঘদিনের অবদানকে যথাযথ সম্মান জানাতেই কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ব্যতিক্রমী ও রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: