• ঢাকা
  • সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩৫ পিএম;
পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা সুপারিশ।

লিটু দেবনাথ, পটুয়াখালী জেলা প্রতিনিধি :

 


 ‘বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লালকার্ড’  এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ পালিত হয়েছে। 
গত রবিবার (১৪ জুন) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), পটুয়াখালীর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় কলেজ রোডস্থ সনাক কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এবং পৌরসভার প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে বর্জ্য ব্যবস্থাপনা খাতে এখনো শিশুশ্রম বিদ্যমান রয়েছে। পটুয়াখালী পৌরসভাও এর ব্যতিক্রম নয়। বর্জ্য সংগ্রহসহ সংশ্লিষ্ট বিভিন্ন কাজে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের ব্যবহার করা হচ্ছে। এসব শিশু ডাম্পিং স্টেশন, রাস্তাঘাট ও বিভিন্ন স্থান থেকে বর্জ্য সংগ্রহ করছে। এমনকি মেডিকেল বর্জ্যের মতো ঝুঁকিপূর্ণ উপাদান বাছাইয়ের কাজেও তাদের নিয়োজিত করা হচ্ছে। কোনো ধরনের সুরক্ষা সরঞ্জাম ছাড়া এসব কাজ করায় শিশুরা বিষাক্ত পদার্থ, ধারালো বস্তু এবং বিভিন্ন রোগব্যাধির ঝুঁকির মুখে পড়ছে।
এ প্রেক্ষাপটে পটুয়াখালী পৌরসভার প্রশাসকের কাছে পাঁচ দফা সুপারিশ সম্বলিত স্মারকলিপি প্রদান করে সনাক। সুপারিশগুলো হলো— বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম সম্পূর্ণভাবে বন্ধ করা, শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা দ্রুত হালনাগাদ করা, ওয়ার্ডভিত্তিক নজরদারি জোরদার করা, বর্জ্য প্রক্রিয়াজাতকরণকে শিশুদের জন্য নিষিদ্ধ ঝুঁকিপূর্ণ কাজের তালিকাভুক্ত করা এবং ঝুঁকিপূর্ণ কাজে শিশু নিয়োগকারী সেবা প্রদানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

সনাক সভাপতি অ্যাডভোকেট সহিদুর রহমানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন সনাকের পরিবেশ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক পীযুষ কান্তি হরি। তিনি বলেন, শিশুশ্রম শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি শিশুদের মৌলিক অধিকার ও নিরাপদ ভবিষ্যতের জন্যও বড় হুমকি। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনার মতো ঝুঁকিপূর্ণ খাতে শিশুদের সম্পৃক্ততা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

কর্মসূচিতে বিডিক্লিন, ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি সহ সনাক, এসিজি ও ইয়েস সদস্যরা অংশগ্রহণ করেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন