মহম্মদপুরে ‘গ্রাম আদালত’ বিষয়ক সচেতনতা ও সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত
এস এম আজগার আলী, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :
‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে’ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহম্মদপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৭জুন) বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে,স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর আওতায় এই কর্মশালাটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল তৃণমূল পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও একটি কার্যকর কর্মপরিকল্পনা তৈরি করা।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) আদনান আফিফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. অলিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। এছাড়া মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস এম আজগার আলী, মহম্মদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা এবং বিভিন্ন এনজিওর শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যকারিতা তুলে ধরে জানানো হয় যে, গ্রাম আদালত আইনের মাধ্যমে অল্প সময়ে ও স্বল্প খরচে দেওয়ানি ও ফৌজদারি বিরোধের সঠিক বিচার পাওয়া সম্ভব। প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. ইলিয়াস হোসাইন ও মো. মোখলেছুর রহমান গ্রাম আদালতের বিভিন্ন দিক এবং এর সুবিধাগুলো পাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিকে আরও সহজতর করতে গ্রাম আদালতের কোনো বিকল্প নেই। এই সচেতনতা কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য উপস্থিত সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- মহম্মদপুরে* ‘গ্রাম,আদালত’
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: