ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুলপড়ুয়া ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। তবে ভাঙচুরের আগে বাড়ির লোকজনকে সরিয়ে নেওয়ায় কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ এলাকাবাসী। বিক্ষুব্ধরা বসতঘরগুলোর বেড়া ও চাল ভাঙচুর করে টিন খুলে বাড়ির পাশে স্তূপ করে রাখে।
স্থানীয় বাসিন্দা নবী হোসেন বলেন, এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আসামিদের বাড়ি ঘর ভাঙচুর করেছে।
এমন ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর রাত ৮টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি গ্রামে এক প্রবাসীর বাড়িতে ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে তার মাকে (৩৮) সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে এলাকার মাদকসেবী ৫ দুর্বৃত্ত। এ ঘটনায় ওই দিন রাত ৩টার দিকে রাজিব (২৩) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় শুক্রবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে চর কালিবাড়ি এলাকার তাহের উদ্দিনের ছেলে শরীফ (২৩), আরিফ (২১), মমিনের ছেলে ফাহিম (২২) মোফাজ্জলের ছেলে রাজিব (২৩), নূরুল মিয়ার ছেলে এনামুলসহ (২২) পাঁচজনকে আসামি করে গফরগাঁও থানায় মামলা করেন।
গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার ও ফোর্স পাঠিয়েছি। যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে থানা পুলিশ সতর্ক রয়েছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: