• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

পটুয়াখালীতে গৃহবধূ ইয়ানুর হত্যায় অভিযুক্ত জুয়েল মৃধার বাড়িতে ভাঙচুর ও আগুন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৩৪ পিএম;
পটুয়াখালীতে গৃহবধূ ইয়ানুর হত্যায় অভিযুক্ত জুয়েল মৃধার বাড়িতে ভাঙচুর ও আগুন

 

লিটু, পটুয়াখালী প্রতিনিধি:

ঢাকার ধোলাইপাড়ে ভাড়া বাসায় গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামী মো. জুয়েল মৃধার পটুয়াখালীর দশমিনাস্থ বাড়ি ভাঙচুর এবং তাতে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা ও নিহতের স্বজনরা।

গত সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিবিরায় মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা ও ইয়ানুরের স্বজনরা জুয়েলের তালাবদ্ধ ঘরে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন। অভিযুক্ত জুয়েল মৃধা দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম আলীপুর গ্রামের ফোরকান মৃধার ছেলে। তিনি ঢাকা-দশমিনা রুটের একটি পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের হানিফ হাওলাদারের মেয়ে ইয়ানুরের সঙ্গে জুয়েল মৃধার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ঢাকার ধোলাইপাড়ে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

নিহত ইয়ানুরের ভাই রাকিব হোসেন অভিযোগ করে জানান, গত ১৭ সেপ্টেম্বর রাতে স্বামী জুয়েল মৃধা ইয়ানুরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় গত ১৮ সেপ্টেম্বর ইয়ানুরের বাবা হানিফ হাওলাদার বাদী হয়ে ঢাকার কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইয়ানুর হত্যার ঘটনায় অভিযুক্ত জুয়েল মৃধাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সোমবার এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তার আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।

উক্ত মানববন্ধনে নিহতের বাবা হানিফ হাওলাদার ও মা গোলেনুর বেগমও বক্তব্য রাখেন।

এ বিষয়ে আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান সাগর জানান, ইয়ানুরের হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন এবং অভিযুক্তের ঘরবাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তিনি বলেন, “তদন্ত সাপেক্ষে আমিও ইয়ানুর হত্যার বিচার চাই, তবে ঘরবাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার মতো ঘটনা সমর্থনযোগ্য নয়।”

দশমিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছগির জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘর ভাঙচুর ও আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন