• ঢাকা
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:১৩ পিএম;
ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড

লিওনেল মেসি তার বর্ণাঢ্য ক্যারিয়ারে অজস্র রেকর্ড গড়েছেন। তবে সেই রেকর্ডের সাম্রাজ্যে শেষ কিছু দিনে হানা কম পড়েনি। সবশেষ হানা পড়ল গেল রাতে। হানা দিলেন তারই স্বদেশি ফ্রাঙ্কো মাস্তানতুওনো।

শুক্রবার রাতে ভেনেজিয়ার বিপক্ষে মাস্তানতুওনোর দল ফিওরেন্তিনা জিতেছে ৪-২ গোলে। হ্যাটট্রিক করে এতে বড় অবদানই রেখেছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। আর তাতেই তিনি ভেঙে দিয়েছেন মেসির ১৯ বছরের পুরোনো এক রেকর্ড।

ভেনেজিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে হ্যাটট্রিক করা সবচেয়ে কম বয়সি আর্জেন্টাইন খেলোয়াড় হয়ে গেছেন।

রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফিওরেন্তিনায় খেলতে আসা এই উইঙ্গারের বয়স এখন ১৯ বছর ২৮ দিন। ২০০৭ সালের ১০ মার্চ রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছিলেন মেসি। সেই সময়ে মেসির বয়স ছিল ১৯ বছর ২৫৯ দিন। গত রাতে হ্যাটট্রিক করার সময় মাস্তানতুওনোর বয়স ছিল তার চেয়েও ২৩১ দিন কম।

গত মাসে মাদ্রিদ থেকে এক মৌসুমের জন্য ধারে ফিওরেন্তিনায় আসেন মাস্তানতুওনো। শুক্রবারের গোলগুলোই ছিল ফিওরেন্তিনার হয়ে তার প্রথম গোল। এই জয়ের ফলে ইতালিয়ান ক্লাবটি এবারের মৌসুমে প্রথম পয়েন্ট পেল।

এই হ্যাটট্রিকের মাধ্যমে মাস্তানতুওনো গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৩৫ ম্যাচে করা মোট গোলসংখ্যার সমান গোল করে ফেললেন একদিনেই।

ভেনেজিয়াও নিজেদের প্রথম তিনটি ম্যাচ হেরেছিল। ২২ মিনিটে প্রথম গোল করে তারাই এগিয়ে যায়। মার্কিন মিডফিল্ডার জিয়ানলুকা বুসিওর দারুণ বিল্ডআপের পর ডান পায়ের নিখুঁত শটে গোল করেন নাইজেরিয়ার আকোর আদামস।

কিন্তু প্রথমার্ধের ৩০ মিনিটের মধ্যে মাত্র এক মিনিট ৩৮ সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করেন মাস্তানতুওনো। এতে বিরতির আগেই এগিয়ে যায় ফিওরেন্তিনা। এর মধ্য দিয়ে তিনি ফিওরেন্তিনার হয়ে এক ম্যাচে একাধিক গোল করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হয়ে যান।

Advertisement

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে নিজের গোল করে দলের ব্যবধান ৩-১ করেন মাতেও পেলেগ্রিনো। টানা দুই ম্যাচে এটি তার দ্বিতীয় গোল। এরপর ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মাস্তানতুওনো।

শেষ দিকে ভেনেজিয়ার হয়ে একটি গোল শোধ করেন আঁতোয়ান এনো। কিন্তু এই হারের ফলে ভেনেজিয়া রইল পয়েন্টশূন্য এবং ২০ দলের টেবিলে সবার নিচে। অন্যদিকে ফিওরেন্তিনা উঠে এসেছে ১৫তম স্থানে।

রিভার প্লেট ক্লাব থেকেই মাস্তানতুওনোর তারকাখ্যাতির শুরু। মাত্র ১৬ বছর বয়সে ক্লাবটির হয়ে সিনিয়র দলে অভিষেক হয় তার। ২০২৫ সালের জুনে তিনি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হন।

মাদ্রিদে যোগ দেওয়ার সময় তিনি বিশ্ব ফুটবলের সবচেয়ে চাহিদাসম্পন্ন তরুণ প্রতিভাদের একজন ছিলেন। ২০২৫ সালের জুনে রিভার প্লেট থেকে ছয় বছরের চুক্তিতে তিনি মাদ্রিদে যোগ দেন। এই সময় পিএসজিকে পেছনে ফেলে তাকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ।

তবে স্পেনে গত মৌসুমে তার সময়টা ভালো কাটেনি। বার্নাব্যুতে নিজের ছাপ রাখতে সংগ্রাম করতে হয় তাকে। এই কারণে বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার দলেও জায়গা হয়নি তার।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন