বাকেরগঞ্জে তর্কের জেরে যুবককে কুপিয়ে-পিটিয়ে হত্যা
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে দীর্ঘদিনের বিরোধের জেরে মো. সুমন (৩২) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের ফরাজি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমনের বাড়ি ওই ইউনিয়নের কালেরকাঠি গ্রামে। তিনি ছিলেন ভ্যানচালক। স্থানীয়দের বরাতে থানা পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় ফরাজি মার্কেট এলাকায় রেগান (৩০) নামের এক ব্যক্তির সঙ্গে সুমনের তর্ক হয়। একপর্যায়ে রেগানকে দা দিয়ে কোপ দেন সুমন।
খবর পেয়ে রেগানের সহযোগী হিসেবে পরিচিত মনা তালুকদারসহ কয়েকজন সেখানে গিয়ে সুমনকে পিটিয়ে ও কুপিয়ে রেখে চলে যান। পরে পুলিশ গিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
সুমনের মা মনোয়ারা বেগমের অভিযোগ, স্থানীয় মনা তালুকদারের সঙ্গে সুমনের দ্বিতীয় স্ত্রীর গোপন প্রেম চলছিল। এ নিয়ে মনা আর সুমনের বিরোধ চলছিল। এর জেরেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
তবে বাকেরগঞ্জ থানার ওসি বলেছেন, তদন্তের পরেই হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: