• ঢাকা
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আত্রাইয়ে সড়কের মাঝখানে খুঁটি রেখেই চলছে পাকাকরণ কাজ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:১০ পিএম;
আত্রাইয়ে সড়কের মাঝখানে খুঁটি রেখেই চলছে পাকাকরণ কাজ

নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর বাজারে সড়কের মাঝখানে পল্লীবিদ্যুতের খুঁটি রেখেই পাকাকরণ কাজ চলছে। খুঁটি সরাতে আবেদন করে বার বার অফিসে ধর্ণা দিয়েও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ফলে জনভোগান্তি আর দূর্ঘটনার আশংকায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

‎‎ভবানীপুর হাট-বাজার ইজারাদারের পার্টনার রফিকুল ইসলাম চঞ্চল জানান,সপ্তাহের শনিবার এবং মঙ্গলবার এখানে হাট বসে। হাটে ধান,চাল,ভুট্রা,গম সরিষাসহ বিভিন্ন নিত্য ও কৃষিপন্য ক্রয়-বিক্রয় হয়। এছাড়া প্রতিদিনই বাজার বসে। এই হাটের প্রবেশদাড়েও একটি খুটি রেখে সড়ক পাকাকরণ করা হয়েছে। বাজারের মধ্যে নতুন করে সড়ক পাকাকরণ কাজ চলছে। কিন্তু সড়কের একদম মাঝ বরাবর বিদ্যুতের খুঁটি রেখেই সড়ক পাকাকরণ কাজ চলমান রেখেছেন ঠিকাদার। সড়কে এই খুঁটি রেখেই যদি পাকাকরণ কাজ শেষ করা হয়,তাহলে জনভোগান্তি আরো চরম আকার ধারণ করবে বলে জানিয়েছেন রফিকুল ইসলাম।

‎ভ্যান চালক জামাল উদ্দীন বলেন,এই সড়কের পাশেই ধান,গম,ভুট্রা ও সরিষার আড়ৎ বসে। সড়কের মাঝখানে খুঁটি থাকায় ভ্যানসহ বিভিন্ন পরিবহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে সড়ক পাকাকরণ কাজ শুরু দেখে মনে হয়েছিল খুঁটি অপসারন হবে। কিন্তু এখন দেখছি হাটুরেদের গলার কাঁটা সেই খুঁটি রেখেই পাকাকরন কাজ চলছে।

‎বাজারে কাপড় কিনতে আসা মেহেদি হাসান বলেন,এই হাট থেকে ইজারার মাধ্যমে সরকার প্রতি বছর লাখ লাখ টাকা রাজস্ব পাচ্ছেন। অথচ জনগনের ভোগান্তি নিরসনের জন্য সামান্য বিদ্যুতের এক খুঁটিই অপসারণ হচ্ছেনা। তিনি জনভোগান্তি নিরসনে দ্রুত খুঁটি অপসারণ করে তার পর সড়ক পাকাকরণ কাজ শেষ করার দাবি জানান।

‎বাজার বনিক সমিতির সভাপতি আরিফুজ্জামান লেবু বলেন,সড়কের মাঝখান থেকে বিদ্যুতের খুঁটি অপসারনে আবেদন করেছি। প্রায় দুই মাস ধরে আত্রাই পল্লীবিদ্যুৎ অফিসে বার বার যোগাযোগ করেছি। এর মধ্যে দুই বার অফিস থেকে তদন্ত করে গেলো। তার পরেও এখন পর্যন্ত খুঁটি অপসারণ হয়নি।

‎স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুুনুর রশিদ বলেন,ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হাট উন্নয়নের কাজের অংশ হিসেবে বাজারের মধ্যে সড়কটি ঢালাইয়ের কাজ চলছে। আমিও কয়েকবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেছি। কিন্তু খুঁটি অপসারনের কোন সুরাহা করা সম্ভব হয়নি।

‎পল্লীবিদ্যুৎ আত্রাই শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জসিম উদ্দীন বলেন, খুঁটি অপসারনের জন্য কাজ চলমান রয়েছে। আসা করছি দ্রুতই খুঁটি অপসারণ হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন