কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে অ্যাম্বুলেন্স ও বাস সংঘর্ষে রোগীর করুণ মৃত্যু
লিটু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোঃ শাকিল (২১) নামের এক বিষাক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় রোগীর দুই স্বজন ইউসুফ ও রুমা আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল চারটার দিকে পটুয়াখালী শহরের পায়রা পেট্রোল পাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল জেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিবাহের চর এলাকার আবুল কালাম সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, পারিবারিক অভিমানে শাকিল বিষপান করলে স্বজনরা তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সে শাকিলের মা ও চাচিসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। গাড়িটি পায়রা পেট্রোল পাম্প চত্বরে পৌঁছালে
বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং শাকিলসহ ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
পটুয়াখালী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকের হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শাকিলের মৃত্যু হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, চিকিৎসার জন্য শাকিলকে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে বাসের সাথে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে তিনি মারা যান এবং
তার দুই স্বজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: