তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক
লিটু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীর আকস্মিক ভাঙনকবলিত হাজিরহাট এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) মো. মোখলেসুর রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিনি উপজেলার হাজিরহাট এলাকার ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় প্রকৌশলী মো. রুবেল হোসেন, পটুয়াখালী পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার, পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমরান হোসেন, উপসহকারী প্রকৌশলী আল আমিন ও আহসান হাবিবসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
এ ছাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু, গণঅধিকার পরিষদের ঢাকা উত্তর মহানগরের সহসভাপতি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কালাম পঞ্চায়েত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশারসহ ভাঙনকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার গভীর রাতে তেঁতুলিয়া নদীর তীব্র স্রোতে হাজিরহাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নির্মিত বেড়িবাঁধের দুটি স্থানে ফাটল দেখা দেয়। পরে রাতেই বাঁধের ওই দুই অংশ ভেঙে নদীর পানি লোকালয়ে প্রবেশ করে। এতে প্রায় ৫০টি বসতঘর ও প্রায় ১০০ একর জমি পানিতে প্লাবিত হয়।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেন। পরদিন বুধবার দুপুরে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।
পরিদর্শন শেষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) মো. মোখলেসুর রহমান সাংবাদিকদের বলেন, ‘পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার হাজিরহাট এলাকার পোল্ডার ৫২/২-ডি-এর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। হাজিরহাটের ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: