রাজবাড়ীতে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে নর্থ চ্যানেল থেকে জীবিত উদ্ধার!
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দেওয়া মোসা. লাইজু (৩৯) নামের এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর এলাকায় পদ্মা নদী থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
শনিবার (২৫ জুলাই ২০২৬) রাতে নর্থ চ্যানেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পদ্মা নদীতে কচুরিপানার সঙ্গে ভেসে আসা এক নারীকে দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন এবং নিরাপদে নিজেদের হেফাজতে রাখেন। উদ্ধারকালে ওই নারী সুস্থ ছিলেন।
উদ্ধার হওয়া নারীর কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে জানা যায়, তার নাম মোসা. লাইজু। তিনি ঢাকার কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকার বাসিন্দা এবং মো. ফোরকান মিয়ার স্ত্রী। তার মায়ের নাম মোসা. মোর্শেদা বেগম।
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ‘কুমিল্লা’ ফেরিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফেরি কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়ার ৩ নম্বর ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি মাঝপদ্মায় পৌঁছালে হঠাৎ ফেরির পেছনের অংশ থেকে ওই নারী নদীতে ঝাঁপ দেন। ঘটনাটি দেখে যাত্রীরা চিৎকার শুরু করলে ফেরির মাস্টার তাৎক্ষণিকভাবে ফেরিটি থামিয়ে ঘুরিয়ে নেন।
পরে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে পদ্মা নদীর তীব্র স্রোত ও রাতের অন্ধকারের কারণে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। কোতোয়ালি নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তপন জানান, ওই নারীকে জীবিত উদ্ধারের খবর তারা পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করতে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: