ইউপি সদস্য আটক, তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে দুমকিতে উত্তেজনা
লিটু পটুয়াখালী প্রতিনিধি। :
পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বারেককে এক তরুণীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত এবং রাতে বসতঘরের পেছনে অনুপ্রবেশের অভিযোগে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে দক্ষিণ পাংগাশিয়া গ্রামের মানিক বয়াতির বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পাংগাশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও টানা ছয়বার নির্বাচিত ইউপি সদস্য বারেক দীর্ঘদিন ধরে মানিক বয়াতির মেয়ে আয়েশাকে মোবাইল ফোনে সরকারি ভিজিএফের চালসহ বিভিন্ন বরাদ্দ দেওয়ার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার রাতে তিনি তরুণীকে বাড়ির পেছনে ডেকে নেন এবং সেখানে অবস্থান করছিলেন বলে অভিযোগ পরিবারের।
পরিবারের সদস্যরা জানান, বাথরুমের পাশে সন্দেহজনক শব্দ পেয়ে টর্চলাইট ফেললে বারেক পালানোর চেষ্টা করেন। এ সময় দৌড়াতে গিয়ে তিনি টিনের বেড়া ও গর্তে পড়ে যান। পরে পরিবারের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে বসতঘরে আটকে রাখেন।
এদিকে, আটকের পর শিকল পরা অবস্থায় ইউপি সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযুক্ত ইউপি সদস্য পুলিশ হেফাজতে রয়েছেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: