কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগ নেতা পটুয়াখালী জজকোর্ট এলাকা থেকে আটক
লিটু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জজকোর্ট এলাকায় এম এ খায়ের মোল্লা ওরফে বাচ্চু নামে এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একটি মামলায় সাক্ষ্য দিতে আদালত এলাকায় গেলে তাকে আটক করা হয়।
এম এ খায়ের মোল্লা ওরফে বাচ্চু বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, আদালতে জমি-জমা সংক্রান্ত একটি মামলায় সাক্ষ্য দিতে এলে তাকে শনাক্ত করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা।
পুলিশ জানায়, বংশাল, সূত্রাপুর, শাহবাগ, যাত্রাবাড়ী, হাতিরঝিল, রামপুরা, বাড্ডা ও ভাটারা থানাসহ ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা থাকার তথ্য যাচাই করা হচ্ছে।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে করা অনেক মামলায়ও তিনি আসামি বলে দাবি করা হয়েছে।
স্থানীয়দের আরও অভিযোগ, গোপালগঞ্জের বাসিন্দা হওয়ায় বিগত সরকারের সময় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিভিন্ন পর্যটন এলাকায় জমি দখল এবং হোটেল ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন খায়ের মোল্লা।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খায়ের মোল্লা নামে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রয়েছে। দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে তার ছেলে রেদোয়ানের বিরুদ্ধেও কোনো মামলা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ বলছে, যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: