গলাচিপায় লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব উৎসব পালিত
পটুয়াখালীর গলাচিপায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) গলাচিপা উপজেলা লোকনাথ সেবা সংঘের আয়োজনে কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব উদ্যাপন করা হয়।
সকাল থেকেই কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ভক্তদের আনাগোনায় উৎসবের আমেজ তৈরি হয়। সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী শত শত ভক্ত এতে অংশ নেন। পূজা-অর্চনা, মন্ত্রপাঠ, পুষ্পাঞ্জলি ও প্রার্থনার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তরা লোকনাথ ব্রহ্মচারীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে দেশ, জাতি ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। দিনভর মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকে পরিবার-পরিজন নিয়ে উৎসবে অংশ নেন।
উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি ছিল উৎসবের প্রাণবন্ত পরিবেশ। অনুষ্ঠানে অংশ নিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও ভক্তরা আসেন। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
গলাচিপা উপজেলা লোকনাথ সেবা সংঘের সভাপতি পরান বণিক বলেন, ‘প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে বাবা লোকনাথের আবির্ভাব উৎসব পালন করা হচ্ছে। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আয়োজন আরও প্রাণবন্ত হয়েছে।’
সংগঠনের সাধারণ সম্পাদক হরিপদ সরকার বলেন, ‘সকাল থেকেই পূজা-অর্চনার মধ্য দিয়ে বাবা লোকনাথের জন্মজয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দিনভর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলছে। আগত সব ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।’
আয়োজকেরা জানান, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব উৎসব পালন করা হচ্ছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: