বিশ্বকাপ শেষে ইমাম হবেন মরক্কোর তারকা
পেশাদার খেলোয়াড়রা অবসরে কোচিং অথবা ধারাভাষ্য পেশায় জড়িয়ে যান। কিন্তু মরক্কোর তারকা ফুটবলার নুসাইর মাজরাউইয়ের পরিকল্পনা একেবারেই ভিন্ন।
মরক্কোর এই ডিফেন্ডার খেলা থেকে অবসরে নিজেকে দেখতে চান ধর্মীয় শিক্ষার জগতে—একজন হাফেজে কোরআন এবং ইমাম হিসেবে।
বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড ও মরক্কো জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য মাজরাউই। বয়স মাত্র ২৮। একজন ডিফেন্ডারের জন্য এটি ক্যারিয়ারের সেরা সময় বলেই ধরা হয়। অথচ এই সময়েই অবসরের চিন্তা করছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মাজরাউই জানান, ২০২৬ বিশ্বকাপের পর পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে তার। কারণ, জীবনের পরবর্তী অধ্যায়ে তিনি সময় দিতে চান ধর্মীয় শিক্ষা ও আত্মিক উন্নয়নে। মাজরাউইয়ের ভাষায়, ফুটবল তাকে অনেক কিছু দিয়েছে। খ্যাতি, অর্থ, সাফল্য—সবই পেয়েছেন। কিন্তু জীবনের আসল উদ্দেশ্য নিয়ে ভাবতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন, আধ্যাত্মিক চর্চার জন্য আরও বেশি সময় প্রয়োজন।
মাজরাউই বলেন, ‘বিশ্বকাপের পর অবসরের সিদ্ধান্ত নিতে পারি। জীবন খুবই ছোট। আমি কোরআন মুখস্থ করতে চাই। পাশাপাশি ভবিষ্যতে মসজিদের ইমাম হওয়ারও ইচ্ছা আছে।’
মরক্কোর এই তারকা জানিয়েছেন, তার অন্যতম বড় স্বপ্ন হলো সম্পূর্ণ কোরআন মুখস্থ করা। শুধু তা-ই নয়, ভবিষ্যতে ধর্মীয় জ্ঞান অর্জন করে একজন ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতে চান তিনি।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: