• ঢাকা
  • সোমবার, ০৩ আগষ্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. আর্ন্তজাতিক

পঞ্চম তলার ফ্ল্যাট থেকে পড়ে নারী চিকিৎসকের রহস্যজনক মৃত্যু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৩ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৩৭ পিএম;
পঞ্চম তলার ফ্ল্যাট থেকে পড়ে নারী চিকিৎসকের রহস্যজনক মৃত্যু

ভারতের গাজিয়াবাদে একটি বহুতল আবাসিক ভবনের পঞ্চম তলা থেকে পড়ে ৪০ বছর বয়সী এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে তার মানসিক স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ও তদন্তের আওতায় রয়েছে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, গাজিয়াবাদের রাজ নগর এক্সটেনশনের একটি বহুতল আবাসিক ভবনের পঞ্চম তলা থেকে পড়ে মারা যাওয়া ওই নারীর নাম ডা. হেমিকা আগরওয়াল। তিনি পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় নন্দগ্রাম থানার আওতাধীন অফিসার সিটি-২ সোসাইটিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা খবর পায় যে ওই নারী তার পঞ্চম তলার ফ্ল্যাট থেকে নিচে পড়ে গেছেন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য তার মরদেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া অন্যান্য প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় দেড় বছর আগে ডা. আগরওয়ালের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি মানসিক চাপ ও বিষণ্নতায় ভুগছিলেন।

তার বাবা ডা. আর. চন্দ্রও গাজিয়াবাদের একজন জ্যেষ্ঠ মনোরোগ বিশেষজ্ঞ। তিনিও পুলিশকে মেয়ের চিকিৎসা-সংক্রান্ত তথ্য জানিয়েছেন। তদন্তকারীরা বলছেন, বিষয়টি তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও তারা কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে ফরেনসিক দল। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা জানতে পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে আনুষ্ঠানিকভাবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।

নন্দগ্রামের সহকারী পুলিশ কমিশনার জিয়াউদ্দিন আহমদ বলেন, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। তদন্তে প্রাথমিক কিছু তথ্য পাওয়া গেছে। তবে বিস্তারিত তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি স্পষ্ট হবে।

দৈনিক পুনরুত্থান / আন্তর্জাতিক ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন