• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ আগষ্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. সারাদেশ

হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩৩ এএম;
হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা

কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছেন চট্টগ্রামের চন্দনাইশ কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ শাহাদাত নবী। 

সোমবার (১৭ আগস্ট) দুপুরে চন্দনাইশ পৌরসভার একটি মসজিদে তার বাবার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পুলিশ পাহারায় তাকে আবার কারাগারে পাঠানো হয়।

শাহাদাত নবী বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আছেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি থানায় তিনটি মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ত্রাণবিষয়ক সম্পাদক ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, শাহাদাত নবীর বাবা নুরুনবী সওদাগর (৮৮) রোববার ভোর ৫টা ২০ মিনিটের দিকে চন্দনাইশের একটি হাসপাতালে মারা যান। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

বাবার মৃত্যুর খবর পেয়ে শাহাদাত নবী প্যারোলে মুক্তির জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপারের কাছে আবেদন করেন। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট তাকে সোমবার ভোর ৪টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেন।

শাহাদাত নবীর চাচা নুরুল আলম বলেন, সোমবার দুপুর দেড়টার দিকে পুলিশ পাহারায় তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে চন্দনাইশে আনা হয়। দুপুর ২টার দিকে হাতকড়া পরা অবস্থায় তিনি বাবার জানাজায় অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নুরুনবী সওদাগরকে দাফন করা হয়।

নুরুল আলম আরও বলেন, গত বছরের ১২ আগস্ট ঢাকার পল্টন এলাকা থেকে শাহাদাত নবীকে গ্রেপ্তার করা হয়েছিল।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিটন মিয়া বলেন, বাবার মৃত্যুর পর শাহাদাত নবী প্যারোলে মুক্তির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট তাকে সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন।

লিটন মিয়া বলেন, শাহাদাত নবীর বিরুদ্ধে ধানমন্ডি থানায় তিনটি মামলা রয়েছে। জানাজা শেষে বেলা ৩টা ২০ মিনিটের দিকে পুলিশ পাহারায় তাকে আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন