• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীর রাজাপুরে কুমার নদে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫৬ পিএম;
বোয়ালমারীর রাজাপুরে কুমার নদে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুরে কুমার নদে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বার্ষিক নৌকাবাইচ ও গ্রামীণ মেলা। 

শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় রাজাপুর কুমার নদে অনুষ্ঠিত নৌকাবাইচ ঘিরে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। বিকেল গড়াতেই নদীর দুই পাড়ে ভিড় বাড়তে থাকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।
বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, মাঝি-মাল্লাদের হইহুল্লোড় আর নদীর দুই পাড়ে হাজারো দর্শকের উচ্ছ্বাস- এ যেন ফিরে এসেছিল গ্রামবাংলার চিরচেনা সেই ঐতিহ্যবাহী নৌকাবাইচের দিন।

মেলা প্রাঙ্গনে গিয়ে দেখা যায়, দূর-দূরান্ত থেকে অনেকে ছুটে আসেন গ্রামবাংলার এ ঐতিহ্যবাহী আয়োজন উপভোগ করতে। নৌকাবাইচ শুরু হতেই মুহূর্তে বদলে যায় কুমার নদের দৃশ্য। পানির বুক চিরে ছুটে চলে একের পর এক প্রতিযোগিতার নৌকা। মাঝিদের বৈঠার আঘাতে নদীর পানি যেন ছন্দে নেচে ওঠে। পাড় থেকে দর্শকদের করতালি, হর্ষধ্বনি ও উৎসাহে জমে ওঠে প্রতিযোগিতা।

মো. ফিরোজ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মাসুদুজ্জামান মাসুদ। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, সহ-সভাপতি মো. ফজর খাঁ। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, চিতার বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল মোল্লা, মো. মনির মেম্বারসহ আয়োজক কমিটির সদস্যরা।

শুধু নদীর পাড়েই নয়, ছোট-বড় নৌকা ও ট্রলার নিয়ে নদীতে নেমেও আনন্দে মেতে ওঠেন কিশোর-তরুণরা। বক্সে গান বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাদের। সব মিলিয়ে রাজাপুরের কুমার নদ পরিণত হয় এক প্রাণের উৎসবে।
নৌকা বাইচে প্রথম হয় মুকসুদপুরের গবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গাদূর্গাপুর গ্রামে শফিকের বাংলার টাইগার নৌকা। দ্বিতীয় হয়েছেন বোয়ালমারী সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সত্তার ফকিরের ভাই ভাই জলপরী, তৃতীয় কাশিয়ানী উপজেলার হুগলাকান্দীর আড়পাড়া গ্রামের ওসমান শেখের সোনার তোরী।

আয়োজক কমিটির সদস্য মনির হোসেন জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতিবছর এ নৌকাবাইচের আয়োজন করা হয়। নৌকাবাইচ ঘিরে বসে গ্রামীণ মেলাও। ফলে একদিনের জন্য রাজাপুরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। জানা যায়, একটি গ্রুপের প্রচন্ড বাঁধার মুখেও হাজার হাজার মানুষের উপস্থিতিতে গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য নৌকা বাইচটি বরাবরের মত এবারও সফল ভাবে সম্পন্ন হয়েছে; এতে আয়োজনকরা দারুণ খুশি।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন