বাংলাদেশ নিয়ে চীন-ভারতের যতটা আগ্রহ আছে যুক্তরাষ্ট্রের ততটা নেই
চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে থামাতে পারবে না বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যারল ক্রিস্টাইন ফেয়ার।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের সেশনে এক প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন তিনি।
অধ্যাপক ক্যারল ক্রিস্টাইন বলেন, বাংলাদেশ ঘিরে বড় শক্তিগুলোর স্বার্থের ভারসাম্যহীনতা রয়েছে। বাংলাদেশ নিয়ে চীন বা ভারতের যতটা আগ্রহ আছে, যুক্তরাষ্ট্রের ঠিক ততটা নেই। আর এর কারণ হলো তাদের নিজেদের মধ্যকার প্রতিযোগিতা। বাংলাদেশে বিনিয়োগ করার মতো চীনের কাছে যে পরিমাণ সম্পদ আছে, যুক্তরাষ্ট্রের কাছে তা নেই।
তিনি বলেন, বাংলাদেশে এমন একটা ধারণা প্রচলিত আছে যে, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা চলছে। আমি আসলে সে ধরনের কোনো প্রতিযোগিতা দেখি না। বরং এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সম্পূর্ণভাবে হাল ছেড়ে দেওয়াটাই আমি দেখতে পাচ্ছি।
আরেক প্রশ্নের জবাবে অধ্যাপক ক্যারল ক্রিস্টাইন বলেন, আমার মনে হয় না যে, চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে থামাতে পারবে। কারণ, আমরা ইতোমধ্যেই শুনেছি, বাংলাদেশ সেটাই করবে; যা তার নিজের স্বার্থের জন্য সবচেয়ে ভালো।
মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ততার প্রশ্নে বাংলাদেশে তুরস্কের সাবেক রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন, হ্যাঁ, আমার মনে হয় তাদের আগ্রহ রয়েছে। তবে আমি এখন আর তুরস্কে সরকারের হয়ে কাজ করি না। আমি একজন অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত। তাই প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বাংলাদেশ বা তুরস্ক কী করবে, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না। তবে আমি জানি যে এ ব্যাপারে বাংলাদেশের আগ্রহ রয়েছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: