আলফাডাঙ্গায় ২ হাজার ৮০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক
বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গায় অভিযান চালিয়ে ২ হাজার ৮০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৩ অক্টোবর ২০২৬) দুপুরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, আলফাডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালীবাবু রোড এলাকার মৃত শাহাদাত হোসেন বালার ছেলে মাহাবুল ইসলাম (৪৩), কামারগ্রামের মৃত নিজাম খানের ছেলে লিমন খান (২৫) এবং রুদ্রবানা গ্রামের ইদ্রিস শেখের ছেলে এনামুল (৩৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অধিদপ্তরের উপপরিদর্শক শাওন তালুকদার ও তাঁর নেতৃত্বাধীন একটি দল ক্রেতা সেজে মাদক কারবারিদের সঙ্গে যোগাযোগ করে। একই সময়ে উপপরিদর্শক (এসআই) মো. রাসেল কবীরের নেতৃত্বে আরেকটি দল পৌর বারাশিয়া নদীর পাড়ের শ্মশানঘাট এলাকায় ক্রেতা সেজে অবস্থান নেয়।
পরে মাদক কেনাবেচার প্রস্তাবে সম্মতি পাওয়ার পর লোকাল বাসস্ট্যান্ডের মাহিম নার্সারির পাশ থেকে ইয়াবা সরবরাহের সময় মাহাবুল ইসলাম ও এনামুলকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান চালিয়ে লিমন খানকে তাঁর বাড়ি থেকে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ২ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সরোয়ার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল এখনো তাঁদের কাছে আটক ব্যক্তিদের হস্তান্তর করেনি। অভিযানের বিস্তারিত তথ্য ও বক্তব্যের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: