আলফাডাঙ্গায় সাবেক এমপির বাড়িতে দুর্ধর্ষ চুরি, পুলিশের অভিযানে ৩ চোর আটক
ফরিদপুরের আলফাডাঙ্গায় সাবেক সংসদ সদস্য মনজুরুল আলমের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় তাৎক্ষণিক অভিযানে চুরি হওয়া মালামালসহ ৩ চোরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। সোমবার (২০ জুলাই ২০২৬) সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার (১৮ জুলাই) দিবাগত গভীর রাতে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামে অবস্থিত সাবেক সংসদ সদস্য মরহুম মনজুরুল আলমের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সে সময় বাড়ির সদস্যরা ঢাকায় অবস্থান করায় বাড়িতে কেবলমাত্র কেয়ারটেকার ছিলেন। এই সুযোগে চোরেরা ছাদে উঠে চিলেকোঠার দরজা কেটে ঘরে প্রবেশ করে দু'টি এসি, একটি ওভেন, একটি পানির মোটরসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
ঘটনার পরদিন রোববার (১৯ জুলাই) বাড়ির কেয়ারটেকার আব্দুল্লাহ শেখ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং চোর শনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযান শুরু করে।
সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো: আজম খানের নির্দেশনায়, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল-আমিনের নেতৃত্বে এসআই সুমিত মজুমদারসহ একটি আভিযানিক দলকে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনার দায়িত্ব দেন।
অভিযানে আলফাডাঙ্গা সদরের কুসুমদী গ্রাম থেকে হাফিজুর মোল্যার ছেলে আলাউদ্দিন (২৪), কামাল শিকদারের ছেলে লিজন শিকদার (১৮) এবং তাহের মুন্সীর ছেলে ইউসুফ মুন্সীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি এসি, একটি ওভেন ও একটি পানির মোটর উদ্ধার করা হয়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া সব মালামাল উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক পুনরুত্থান / বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: