পটুয়াখালীর দুমকিতে মাদক প্রতিরোধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান
লিটু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি উপজেলায় ক্রমবর্ধমান মাদকের বিস্তার রোধ ও যুবসমাজকে সুরক্ষার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় দুমকি উপজেলা সচেতন নাগরিকদের পক্ষে ‘আলোকিত পটুয়াখালী’ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মো. সোহেল তালুকদার বাবু স্বাক্ষরিত এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা ছাত্রদল কর্মী রামিম, সাবেক সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, দুমকি সরকারি জনতা কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ, বাকী বিল্লাহ, সোহেল শরীফ ও ইমরান প্রমুখ।
স্মারকলিপিতে দুমকি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, মাদকের অবাধ বিস্তারের ফলে বিশেষ করে তরুণ ও যুবসমাজের একটি অংশ বিপথগামী হচ্ছে। পাশাপাশি এর প্রভাবে সামাজিক শৃঙ্খলা, পারিবারিক শান্তি ও জননিরাপত্তা মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার উপক্রম হয়েছে। মাদককে পরিবার ও সমাজ ধ্বংসকারী এক ভয়ংকর ব্যাধি হিসেবে আখ্যা দিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে দ্রুত, কার্যকর ও নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার জোরালো দাবি জানানো হয়।
স্মারকলিপিতে উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—
দুমকি উপজেলার মাদকপ্রবণ এলাকাগুলো সুনির্দিষ্ট করে নিয়মিত অভিযান পরিচালনা করা।
মাদক বিক্রি, সরবরাহ ও পরিবহনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
মাদকের আড্ডা ও অবৈধ সরবরাহ বন্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা।
উপজেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে ধারাবাহিক অভিযান পরিচালনা করা।
তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে উপজেলা পর্যায়ে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।
স্মারকলিপিতে মাদকের বিস্তার রোধের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। এছাড়া, স্মারকলিপির একটি অনুলিপি দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর কাছেও প্রদান করা হয়েছে বলে আয়োজকরা জানান।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: