বরগুনায় বিদ্যালয়ে আগুন আতঙ্ক, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ১৫ শিক্ষার্থী আহত
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের চারতলা ভবনে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার সময় হঠাৎ বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট ও স্পার্ক হতে দেখা যায়। এতে মুহূর্তেই শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা দ্রুত চারতলা ভবন থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করলে হুড়োহুড়িতে এই হতাহতের ঘটনা ঘটে। তবে বিদ্যালয়ে কোনো আগুন লাগেনি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের শিক্ষক জেসমিন আক্তার জানান, আহতদের মধ্যে প্রথম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তারকে গুরুতর অবস্থায় বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া পঞ্চম শ্রেণির হুমায়রা ও প্রথম শ্রেণির সিথিসহ বাকি শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ওই দিন বিদ্যালয়ের কার্যক্রম ছুটি ঘোষণা করা হয়।
ঘটনার বিষয়ে বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, ‘ঘটনাটি কেন ও কীভাবে ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে আজ বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।’ পরিস্থিতি সার্বিক তদারকি এবং পরবর্তী করণীয় নির্ধারণ করতে শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: