• ঢাকা
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালীতে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১৭ পিএম;
ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালীতে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান

লিটু, পটুয়াখালী প্রতিনিধি:

 

ডেঙ্গু সংক্রমণ রোধ ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীতে সচেতনতামূলক প্রচারণা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পটুয়াখালী ইউনিট। কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী লঞ্চঘাট এলাকা থেকে এই কার্যক্রম শুরু হয়। এরপর শহরের সদর রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রচারণা চালানো হয়। একই সঙ্গে পটুয়াখালী কালেক্টর স্কুল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন রেড ক্রিসেন্টের নিবেদিতপ্রাণ সদস্যরা।

পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে ডেঙ্গুর প্রধান বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ হাফিজুর রহমান হীরা এবং রেড ক্রিসেন্ট যুব ইউনিটের বিভিন্ন স্তরের সদস্যরা।

এ সময় সাধারণ সম্পাদক সৈয়দ হাফিজুর রহমান হীরা বলেন, “রেড ক্রিসেন্ট সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে আমরা আজ লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি। আমাদের এই জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ডেঙ্গু মোকাবিলায় আমি পটুয়াখালীর সর্বস্তরের জনসাধারণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।”

রেড ক্রিসেন্টের সদস্যরা জানান, ডেঙ্গু প্রতিরোধে কেবল চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা কিংবা যেকোনো জায়গায় পানি জমলে সেখানে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই নিয়মিত এসব স্থান পরিষ্কার রাখার পাশাপাশি অন্যকেও সচেতন করার তাগিদ দেন তারা।

জনস্বাস্থ্য রক্ষায় এবং ডেঙ্গুর প্রকোপ কমাতে পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন