• ঢাকা
  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

৪ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩৯ পিএম;
৪ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভোররাতে মাত্র ৪ মিনিটের ব্যবধানে পরপর ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

ঘটনাস্থল থেকে ককটেলের খোসা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোরে সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালচরণ এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান , ভোর ৪টা ২৬ মিনিটে জামায়াত নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজার বাসভবনের সামনে প্রথম বিস্ফোরণ ঘটে। দুই মিনিট পর ৪টা ২৮ মিনিটে গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয় বিস্ফোরণ হয়।

এর দুই মিনিট পর ৪টা ৩০ মিনিটে স্কুলের দক্ষিণ পাশের রাস্তায়  তৃতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণের পর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে বলে জানান তারা।

সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুন্দরগঞ্জের পৌর শাখার সভাপতি আবু সোলাইমান সরকার সাজা বলেন, ‘ফজরের আগে প্রথমে আমার বাড়ির সামনে বিকট শব্দ হয়। এর কিছুক্ষণ পর স্কুলের সামনে এবং পরে স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় আরও দুটি বিস্ফোরণের শব্দ শুনি। পরপর ৩টি বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ি। এই এলাকায় আগে কখনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। শব্দ শুনে ঘর থেকে বের হয়ে আশপাশের লোকজনকেও বাইরে দেখতে পাই।

পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ককটেলের খোসাগুলো নিয়ে যায়।’  

এ সময় তিনি আরো বলেন, ‘এই এলাকায় আগে কখনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। যা ঘটত তা ব্র্যাক মোড় এলাকায় ঘটত। তার দাবি, ‘এক বা একাধিক ব্যক্তি  বিস্ফোরণ ঘটিয়ে চলে যাওয়ার সময় ‘জয় বাংলা’  স্লোগান দেয়। যা চারপাশের অনেক মানুষ শুনেছে।’  
 
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ কালের কণ্ঠকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে ৩টি ককটেল সদৃশ বস্তুর  খোসা উদ্ধার করা হয়েছে।’ 

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় জড়িতদের শনাক্তসহ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সাথে কারা জড়িত তা তদন্তের আগে বলা সম্ভব নয়। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন