আসামি ‘ছিনিয়ে নিতে’ ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক দুই আসামি ছিনিয়ে নিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ হামলা চালানো হয়। আটক মাদক কারবারিদের স্বজনরা এই হামলা চালিয়েছেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন- সহকারী ট্রাফিক সার্জেন্ট নুরুল হক ও কনস্টেবল আশিকুর রহমান। তাদের শহীদ তাজউদ্দিন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, জয়দেবপুর জংসন স্টেশন এলাকায় বিক্রির সময় ৫৮ পিস ইয়াবা ও ১১ হাজার টাকাসহ দুই মাদক কারবারি শিমলা (২২) ও আনিসকে (১৮) আটক করে ফাঁড়িতে নিয়ে আসে ডিউটি পুলিশ। কিছুক্ষণ পর রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, রড নিয়ে ১০/১২ জন নারী-পুরুষ আসামিদের ছিনিয়ে নেওয়ার জন্য সেখানে আক্রমণ চালান। তারা ফাঁড়িতে ইট-পাথর ছোড়ে এবং দা দিয়ে দরজায় কোপ দেয়। এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
এ সময় ওই দুই পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, রামদা, চাপাতি, ছুরিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল যুবক জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে হামলা চালাচ্ছে।
ভিডিওতে আরো দেখা যায়, হামলাকারীরা রেলওয়ে পুলিশ ফাঁড়ি ভাঙচুর করছে। এ সময় তারা আশেপাশের বিভিন্ন স্থাপনায়ও হামলা চালাতে থাকে।
এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, বিকেলের দিকে আমরা দুজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করি। তাদের ফাঁড়িতে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পর একদল সশস্ত্র সন্ত্রাসী আমাদের ফাঁড়ি ঘেরাও করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। তাদের প্রতিহত করতে গিয়ে রামদার আঘাতে আমাদের দুজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: