প্রেমিকের মোটরসাইকেল চালাচ্ছিলেন প্রেমিকা, পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুজনের
যশোরের চৌগাছায় ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭) নামে দুজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে প্রেমিক-প্রেমিকা ছিলেন বলে পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের টালিখোলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত অয়ন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং মিথিলা চৌগাছা পৌরশহরের বাকপাড়ার নাজমুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্বজনরা জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে অয়ন ও মিথিলা একটি মোটরসাইকেলে চড়ে চৌগাছা থেকে যশোর সড়কের আড়ারদাহ ক্যাফেতে খেতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলো মিথিলা। পথে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা অয়ন ও মিথিলা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করে। অবস্থা গুরুতর হওয়ায় মিথিলাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মিথিলার মৃত্যু হয়।
চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ বলেন, স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে নিহত দুজন প্রেমিক-প্রেমিকা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। তাদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক পিকআপ চালক পলাতক রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: