বোয়ালমারীতে পানিতে ডুবে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের পূর্বপাড়া এলাকায় পানিতে ডুবে আবিদ শেখ (৩) নামে ৩ বছর বয়সের শিশুটি মারা যায়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু আবিদ ছোলনা পূর্বপাড়া গ্রামের হাসেম শেখের নাতি এবং সৌদি প্রবাসী কামাল শেখের ছেলে।
এলাকাবাসী জানান, ঘটনার আগে দাদার সঙ্গে ছোলনা এলাকার সিদ্দিকুর রহমান চেয়ারম্যানের পুকুরে গোসল করতে যায় আবিদ। গোসল শেষে দাদার সঙ্গে বাড়িতে ফিরে আসে। পরে বাড়িতে দাদাকে না পেয়ে তাকে খুঁজতে আবার ওই পুকুর পাড়ে যায় শিশুটি। একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়।
এ সময় রাস্তা দিয়ে যাওয়ার পথে কুশাডাঙ্গা গ্রামের আলতাব হোসেন শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। তিনি দ্রুত পুকুরে নেমে আবিদকে উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজন শিশুটিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সাদ বিন মেহের জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে স্বজনেরা শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
আবিদের বাবা কামাল শেখ জীবিকার প্রয়োজনে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: