• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

অসুস্থ স্বামীকে রেখে গেলেন অফিস, ফিরে রক্তাক্ত মরদেহ দেখলেন স্ত্রী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪৫ পিএম;
অসুস্থ স্বামীকে রেখে গেলেন অফিস, ফিরে রক্তাক্ত মরদেহ দেখলেন স্ত্রী

রাজধানীর উত্তর শাহজাহানপুরে একটি পাঁচতলা বাড়ির চিলেকোঠা থেকে ফখরুল হোসেন ফরহাদ (৪৪) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় আমতলা জামে মসজিদের সামনে ওই বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ স্বামী ফরহাদকে বাসায় রেখে বুধবার কর্মস্থলে যান তার স্ত্রী সম্পা। রাতে কাজ শেষে বাসায় ফিরে তিনি চিলেকোঠার ঘরের মেঝেতে স্বামীর রক্তাক্ত ও নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের ভেতরে খাবারসহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। পরে স্বজনদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসেন।

নিহতের ছোট বোন নূর আফসানা হাসান নিতুর অভিযোগ, নানার সূত্রে পাওয়া ওই বাড়ির সম্পত্তি নিয়ে তাদের বড় বোন নূর আফসানা হাসান নিপা ও তার স্বামী সুজন সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ফরহাদকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছিল। ঘটনার দুই দিন আগেও তাকে জোর করে বাসা ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

পুলিশের প্রাথমিক ধারণা, বুধবার সন্ধ্যার দিকে ফরহাদকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় নিহতের বোন ও ভগ্নিপতিকে আটক করে শাহজাহানপুর থানা পুলিশ। 

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ বলেন, এ ঘটনার পেছনে একাধিক বিষয় থাকতে পারে। প্রাথমিকভাবে সম্পত্তি নিয়ে বিরোধের তথ্য পাওয়া গেছে। এর বাইরে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা-ও যাচাই করা হচ্ছে। তথ্য-প্রমাণ সংগ্রহের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন