ইলিশ প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আজ থেকে শুরু ২২ দিনের নিষেধাজ্ঞা
লিটু পটুয়াখালী প্রতিনিধি:
আজ থেকে সমুদ্র ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত ও মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে সরকার এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। সরকারি সিদ্ধান্ত মেনে গভীর সমুদ্র থেকে তীরে ফিরেছ জেলেরা। পটুয়াখালীর মহিপুর-আলিপুর, কুয়াকাটা, রাঙ্গাবালীসহ উপকূলের বিভিন্ন এলাকার হাজারো জেলে ইতোমধ্যে নদ-নদী ও নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।
তবে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আবারও ২২ দিনের অবরোধে জেলেদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, এখনো ইলিশের পেটে পর্যাপ্ত ডিম আসেনি। প্রজনন বৃদ্ধির লক্ষ্যকে সমর্থন করলেও নিষেধাজ্ঞার সময়সীমা নিয়ে হতাশ তারা। এরপরও সরকারি আইন মেনে মাছ ধরা থেকে বিরত থাকার কথা জানিয়েছেন জেলেরা।
কুয়াকাটা আশার আলো জেলে সমবায় সমিতির সাবেক সভাপতি নিজাম শেখ বলেন, সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে বেশিরভাগ জেলেই শূন্য হাতে ফিরছেন। দেশি-বিদেশি ট্রলিং বোটের পাশাপাশি ভারতীয় জেলেদের আধিপত্যের অভিযোগও করেন তিনি। তার দাবি, এসব বন্ধে কার্যকর উদ্যোগ না নিয়ে বারবার নিষেধাজ্ঞা দেওয়ায় জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
জেলে রহিম গাজী বলেন, এমনিতেই সাগরে মাছ পাওয়া যাচ্ছে না, তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা। সরকারি আইন মানতে হবে। তবে প্রণোদনার চাল সময়মতো পাওয়া যায় না এবং পরিমাণও চাহিদার তুলনায় কম। তাই প্রণোদনা বাড়িয়ে নির্ধারিত সময়ে বিতরণের দাবি জানান তিনি।
ট্রলারের মাঝি মো. দেলোয়ার বলেন , বিভিন্ন এনজিও, ব্যাংক ও দাদনদারের ঋণে জর্জরিত জেলেরা। এ অবস্থায় নতুন নিষেধাজ্ঞায় জেলে ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে হতাশা বাড়ছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: