গ্যাস সংকটে বন্ধ আনোয়ারায় দুই সার কারখানার উৎপাদন
আনোয়ারায় গ্যাস সংকটের কারণে দুটি বড় সার কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে বুধবার (৪ মার্চ) বিকেল ৩টা থেকে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কম্পানি লিমিটেড (কাফকো)-এর উৎপাদন স্থগিত করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে চলমান গ্যাস সংকটের কারণে শিল্পখাতে গ্যাস সরবরাহ সীমিত করার সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে কারখানাগুলোতে গ্যাসের চাপ কমে যাওয়ায় স্বাভাবিকভাবে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
পরে সরকারি নির্দেশনায় উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
কারখানা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সার উৎপাদন সম্পূর্ণভাবে গ্যাসনির্ভর হওয়ায় পর্যাপ্ত চাপ ও নিরবচ্ছিন্ন সরবরাহ ছাড়া উৎপাদন চালানো ঝুঁকিপূর্ণ। কম চাপের গ্যাস ব্যবহার করে উৎপাদন চালিয়ে গেলে যন্ত্রপাতির ক্ষতির আশঙ্কা থাকে। তাই নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে এবং সরকারি সিদ্ধান্তের আলোকে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, গ্যাস সংকটের কারণে সরকারের নির্দেশনায় কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু করা হবে।
উল্লেখ্য, সিইউএফএল স্বাভাবিক সময়ে দৈনিক প্রায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে। অন্যদিকে কাফকো প্রতিদিন প্রায় ১ হাজার ৭২৫ মেট্রিক টন ইউরিয়া এবং প্রায় ১ হাজার ৫০০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদনের সক্ষমতা রাখে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বর্তমানে এই বিপুল পরিমাণ উৎপাদন স্থগিত রয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- গ্যাস* সংকটে,বন্ধ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: