কুড়িগ্রাম নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে ত্যাগী তৃণমূল বিএনপির বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
আকতারুজ্জামান রাশেদ:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থিত বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘ত্যাগী তৃণমূল বিএনপি’। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে আয়োজিত এ কর্মসূচি থেকে বিতর্কিত নিয়োগ বাতিল ও নিরপেক্ষ তদন্তের দাবিতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় হাইকমান্ডকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে নাগেশ্বরী পৌরসভাসহ উপজেলার ১৪টি ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে মহাসমাবেশ ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূর নবী দুলাল, শহিদুল ইসলাম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক আজহারুল আলমিন ও মকবুল হোসেন।
সমাবেশে বক্তারা নাগেশ্বরী উপজেলা বিএনপির বর্তমান সভাপতি গোলাম রসুল রাজা ও সদস্যসচিব মোখলেসুর রহমানের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের বিরুদ্ধে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে বিগত সরকারের সমর্থিত ব্যক্তিদের সুযোগ করে দেওয়ার অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে যারা আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের সুযোগ করে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিএনপি কিংবা অঙ্গসংগঠনের কোনো নেতা দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে পদ-পদবি বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে।”
সমাবেশ শেষে নেতাকর্মীরা নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক নূর জামাল, সদস্যসচিব লেবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাইয়ুম, সাবেক ছাত্রনেতা মাইন উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আকতারুজ্জামান রাশেদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: