বোয়ালমারীতে মরা মুরগি বিক্রির অভিযোগ, ১৫ হাজার টাকা জরিমানা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে তাজা মুরগির সঙ্গে মরা মুরগি বিক্রির অভিযোগে এক পোল্ট্রি ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুর দেড়টার দিকে বোয়ালমারী মুরগি বাজারের আলামিন পোল্ট্রি হাউজে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আলামিন পোল্ট্রি হাউজের বাপ্পী মোল্লা, পিতা রবিউল মোল্লার বিরুদ্ধে তাজা মুরগির সঙ্গে মরা মুরগি বিক্রির অভিযোগ ওঠে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। একই সময় রাস্তার ওপর মুরগির খাঁচা রেখে ব্যবসা করা দোকানিদের খাঁচা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে এক নারী আলামিন পোল্ট্রি হাউজ থেকে দুটি সোনালি মুরগি কেনেন। দোকানদার বাপ্পী মোল্লা ক্রেতার সামনে মুরগি দুটি জবাই করে একটি ড্রামে রাখেন। ওই ড্রামে আগে থেকেই মরা মুরগি রাখা ছিল। পরে মুরগি পরিষ্কার করার সময় একটি তাজা মুরগির সঙ্গে মরা মুরগি দেওয়ার চেষ্টা করলে বিষয়টি ক্রেতার নজরে পড়ে। এ সময় বাপ্পী মোল্লা ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করেন।
পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪(১) ধারা অনুযায়ী তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান বলেন, একজন ক্রেতাকে জীবিত মুরগি জবাই করে তার পরিবর্তে মৃত মুরগি দেওয়ার চেষ্টা করা হয়। দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিক্রেতা নিজের দোষ স্বীকার করায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধ করলে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: