পকেটে ১০ হাজার টাকা নিয়ে বিয়ে, সেই আয়ুষ্মান আজ সাফল্যের চূড়ায়
বলিউডে ছকভাঙা অভিনয় আর বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখে পথ চলছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। ২০০৪ সালে রিয়ালিটি শো ‘রোডিজ’ জিতে ক্যারিয়ার শুরু করেন তিনি।
এই জনপ্রিয় তারকা সম্প্রতি ৪২ বছর পূর্ণ করেছেন। রেডিও জকি, উপস্থাপক ও ছোটপর্দার কাজ পেরিয়ে আজ বলিউডে নিজের এক আলাদা সাম্রাজ্য গড়ে তুলেছেন। দীর্ঘ পথচলার পর ২০১২ সালে সুজিত সরকারের ‘ভিকি ডোনার’ সিনেমা দিয়ে বড়পর্দায় তার আত্মপ্রকাশ ঘটে। প্রথম ছবিতেই অভিনয় এবং ‘পানি দা রাং’ গানে কণ্ঠ দিয়ে বাজিমাত করেন তিনি, অর্জন করেন সেরা নবাগত অভিনেতার পুরস্কার।
এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। ‘দাম লাগা কে হইশা’, ‘বারেলি কি বারফি’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘বাধাই হো’, ‘আর্টিকেল ১৫’, ‘ড্রিম গার্ল’ ও ‘বালা’-র মতো একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। বিশেষ করে ‘আন্ধাধুন’ সিনেমায় অন্ধ পিয়ানোবাদকের চরিত্রে তার দুর্দান্ত অভিনয় তাকে এনে দেয় শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গতানুগতিক ধারার বাইরে গিয়ে সামাজিক টানাপড়েন ও জীবনের ভিন্নধর্মী গল্প বেছে নেওয়ার কারণে হিন্দি সিনেমায় তৈরি হয়েছে তার নিজস্ব এক বলয়।
ব্যক্তিগত জীবনেও আয়ুষ্মান সমান সফল। ২০০৮ সালে শৈশবের বন্ধু তাহিরা কাশ্যপকে বিয়ে করেন তিনি। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাহিরার ক্যান্সার যুদ্ধসহ জীবনের নানা কঠিন সময়ে সবসময় ছায়ার মতো পাশে থেকেছেন এই অভিনেতা। তাই বলিউডে তাদের জুটিকে অনুকরণীয় ‘পাওয়ার কাপল’ বলা হয়।
সাফল্যের সাথে সাথে বদলেছে তার অর্থনৈতিক সুবিধাদিও। ক্যারিয়ারের শুরুতে বিয়ের সময় যার ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র ১০ হাজার টাকা, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮০ কোটি টাকা। ব্র্যান্ড অ্যান্ডোর্সমেন্ট, শেয়ার বিনিয়োগের পাশাপাশি সিনেমা প্রতি তিনি ৮ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। ২০২৫ সালে মুক্তি পাওয়া তার ‘থাম্মা’ সিনেমার জন্য তিনি ১০ কোটি টাকা নেন বলে জানা যায়। অভিনয়, গান ও উপস্থাপনা—সব মাধ্যমেই নিজের স্বাতন্ত্র্য বজায় রেখে বলিউডে নিজের অনন্য অবস্থান ধরে রেখেছেন এই তারকা।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: